ব্যানার চুরি করছে বিএনপির লোকজন, তাই ব্যানারের উপর সিসি ক্যামেরা লাগালেন জামায়াত প্রার্থী

নোয়াখালীর সোনাইমুড়ীতে নির্বাচনী প্রচারণার ব্যানার চুরি ও ছিঁড়ে ফেলার ঘটনা রোধ করতে ব্যানারের ওপর সিসি ক্যামেরা স্থাপন করেছেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ মাওলানা মো. ছাইফ উল্লাহর প্রচার কর্মীরা। এর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াখালী জেলার বিভিন্ন স্থানে ১১ দলীয় জোটের প্রার্থী বিশেষ করে জামাতের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণার ব্যানার ও পোস্টার চুরি এবং ছিঁড়ে ফেলার অভিযোগ ওঠে। এ বিষয়ে প্রশাসনকে অবহিত করলে ও কার্যকর ব্যবস্থা নিতে পারেনি প্রশাসন।
এমন পরিস্থিতিতে বাধ্য হয়েই নিজ উদ্যোগে ব্যানারের নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত আমিরাবাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে নির্বাচনী ব্যানারের ওপর একটি সিসি ক্যামেরা স্থাপন করে রাখা হয়েছে। একইভাবে সোনাইমুড়ী পৌর এলাকার মাদরাসা কেন্দ্রে ও এ ধরনের ব্যনারের ওপর সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এতে দুষ্কৃতকারীরা ব্যানার ক্ষতিসাধন করতে নিরুৎসাহিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট প্রচারণার স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
জানতে চাইলে নোয়াখালী জেলা জামাতের প্রচার সেলের প্রধান ডাক্তার বোরহান উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, শুধু সোনাইমুড়ী নয় জেলার বিভিন্ন স্থানে জামাতের তথা ১১ দলের ব্যানার ও পোস্টার ছিড়ে ফেলা হচ্ছে, এটি প্রশাসনকে অবহিত করলেও কোনো ব্যবস্থা নেয়নি। তাই সোনাইমুড়ীতে সিসি ক্যামেরা লাগিয়ে তাদের সনাক্ত করার ব্যবস্থা নেওয়া হয়েছে।
নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ মাওলানা মো. ছাইফ উল্লাহ জানান, নির্বাচনী প্রচারণার ব্যানার বারবার চুরি ও ছিঁড়ে ফেলার ঘটনা ঘটছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর ব্যবস্থা না পাওয়ায় বাধ্য হয়েই ব্যানারের নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
নোয়াখালীর সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সোনাইমুড়ী উপজেলার ইউএনও নাছরিন আকতার জানান, নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত সব ধরনের অভিযোগ অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। প্রতিটি অভিযোগ সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে আমরা বদ্ধপরিকর। এ জন্য সবাইকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি।
