Bd বাংলাদেশ

মব সৃষ্টি করে পুলিশে দেয়া জামায়াতের ৩ নেতা খালাস

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

খাগড়াছড়ি জেলা শহরের শালবন এলাকায় শারীরিকভাবে মারধর ও টাকা বিলি ও নাশকতার অভিযোগ তুলে মব সৃষ্টি করে পুলিশের হাতে তুলে দেয়া তিন জামায়াতে ইসলামীর নেতাকে খালাস দেয়া হয়েছে।

বুধবার (১১ জানুয়ারি) দুপুরে শুনানি শেষে এ রায় দেন নির্বাচনী অপরাধ নিয়ন্ত্রণে গঠিত ইলেক্টোরাল ট্রাইব্যুনালের বিচারক ও যুগ্ম জেলা জজ শ্রীজ্ঞান তঞ্চঙ্গ্যা। বেঞ্চ সহকারী বিমান জ্যোতি চাকমা খালাস দেয়ার বিষয়টি নিশ্চিত করেন।

জেলা জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, গতকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে শালবন এলাকায় ব্যানার ছিড়ে ফেলায় পরিদর্শন ও নির্বাচনী ক্যাম্প করার স্থান দেখতে গেলে শালবন ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির লিটন, সহ-সভাপতি কামরুল হাসান ও অফিস সম্পাদক নুরুল হককে বিএনপির স্থানীয় ৩০-৪০ জন নেতা মব সৃষ্টি করে হামলা চালিয়ে আহত করেন। টাকা বিলির অভিযোগ তুলে টাকা গুঁজে দেয়ার চেষ্টা করেন এবং পেট্রোলের বোতল রেখে নাশকতার মিথ্যা নাটক সাজিয়ে হয়রানি করেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কায় কিসুল জানান, খবর পেয়ে পুলিশের মোবাইল টিম গিয়ে তিনজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। রাতেই নির্বাহী ম্যাজিস্ট্রেট উভয় পক্ষের শুনানি নিয়ে বিষয়টি যুগ্ম জেলা জজের নেতৃত্বে গঠিত ইলেক্টোরাল ট্রাইব্যুনালে পাঠানোর পরামর্শ দেন। সকাল ১০টায় হেফাজতে থাকা তিনজনকে ট্রাইব্যুনালে পাঠোনো হয়। ট্রাইব্যুনালে উভয় পক্ষের বক্তব্য শুনে এবং ঘটনাস্থল তদন্ত করে অভিযোগ প্রমানিত না হওয়ায় তাদের তিনজনকে খালাস দেয়া হয়।

দুপুরে আদালত চত্বরে খাগড়াছড়ি ২৯৮ নম্বর আসনে ১১ দলীয় জোট মনোনীত জামায়াত প্রার্থী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী অভিযাগ করেন, বিএনপি জেলাজুড়ে ১১ দলীয় জোটের নেতাকর্মী ও নারী কর্মীদের হুমকি-ধমকি দিচ্ছে। পুরো জেলায় ১১ দলীয় জোটের অ্যাজেন্ট, কর্মী সর্মথকরা নিরাপত্তাহীনতায় ভুগছে।

তিনি এ ঘটনার প্রতিবাদ জানান এবং রির্টানিং অফিসারের কাছে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: dailynayadiganta.com

Leave a Reply

Back to top button