বিএনপি সন্ত্রাসীদের হামলায় গাজীপুরে জামায়াতের ১০ নেতাকর্মী আহত

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
নির্বাচনী অ্যাজেন্ট প্রশিক্ষণ শেষে বাড়ি ফেরার পথে গাজীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। এতে জামায়াতের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে মহানগরীর কোনাবাড়ি বিসিক এলাকায় এ ঘটনা ঘটে। এ হামলার ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ করেছে স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা।
অভিযোগ সূত্রে জানা গেছে, মহানগর নারী দলের সভাপতি ও সাবেক কাউন্সিলর শিরিন চাকলাদারের ছেলে পিয়াস ও কোনাবাড়ি থানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেনের ছেলে সালিমের নেতৃত্বে ২০-২৫ জন যুবক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির মাহমুদুল হাসান (২৫), সেক্রেটারি আক্তার হোসেন (৩০) ও কর্মী ফাহিম আনোয়ারসহ অন্তত ১০ জন আহত হন বলে দাবি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর। তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে নেয়া হয়েছে।
আহতদের সঙ্গীরা জানান, হামলাকারীরা আকস্মিকভাবে পথরোধ করে মারধর শুরু করে, এতে তারা ছত্রভঙ্গ হয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। গুরুতর আহত মাহমুদুল হাসানকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, আহত মাহমুদুল হাসানের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসা দেয়া হচ্ছে।
এ বিষয়ে কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উভয় পক্ষ থেকেই থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছিল। পরে দুই পক্ষ নিজেরা বসে আপস-মীমাংসায় উপনীত হয়েছে। তবে পুনরায় কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য পুলিশ নজরদারি বাড়িয়েছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, নির্বাচনী সময়কে ঘিরে এলাকায় উত্তেজনা বাড়ছে, রাজনৈতিক সহিংসতার ঘটনায় সাধারণ মানুষ আতঙ্কিত। তারা আইনশৃঙ্খলা বাহিনীর আরো তৎপরতা ও নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে কার্যকর পদক্ষেপের দাবি জানান।
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: dailynayadiganta.com

