ধানের শীষের পক্ষে ভোট চাইলেন সহকারী প্রিজাইডিং অফিসার!

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
পঞ্চগড়ের দেবীগঞ্জে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পাওয়া আসসাদ আলী নামে এক সহকারী শিক্ষক।
রবিবার (২ ফেব্রুয়ারি) রাত ৮ টায় উপজেলার পামুলী ইউনিয়নের ঢাঙ্গীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
অভিযুক্ত সহকারী প্রিজাইডিং অফিসার আসসাদ আলী বর্তমানে লক্ষীরহাট দ্বিমুখী দাখিল মাদ্রাসায় সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়া তিনি পামুলী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ২৭ জানুয়ারি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের স্বাক্ষরিত সহকারী প্রিজাইডিং অফিসারের প্রশিক্ষণ তালিকায় ১৩৫ নম্বরে আসসাদ আলীর নাম রয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ৪৪ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পাওয়া আসসাদ আলী বিএনপির আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দিচ্ছেন।
ভিডিওতে তাকে বলতে দেখা যায়, “ধানের শীষে ভোট দিলে ইহকালেও শান্তি পাবেন পরকালেও মুক্তি পাবেন। অর্থাৎ ইহকালের শান্তি এবং পরকালের মুক্তির ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। আপনারা সকলে মিলে ধানের শীষে ভোট দিবেন। আর যেই দলটি আপনার আমার মা বোনকে বেজ্জতিমূলক কথাবার্তা বলতেছে এই দলটিকে, দাঁড়িপাল্লা কে ১২ তারিখের ভোটে লাল কার্ড দেখাবেন ইনশাআল্লাহ। সর্বোপরি ধানের শীর্ষে ভোট চেয়ে, আজাদ ভাইয়ের গলায় জয়ের মালা আসুক এইটুকু প্রত্যাশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি।
এ বিষয়ে অভিযুক্ত সহকারী প্রিজাইডিং অফিসার ও পামুলী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আসসাদ আলীর সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে মন্তব্য জানতে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসানের ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায় নি। এ বিষয়ে পঞ্চগড় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মোঃ সায়েমুজ্জামন বলেন, এখনো প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার বা পোলিং অফিসার নিয়োগ করা হয়নি। তার নাম সহকারী প্রিজাইডিং অফিসারের প্রাথমিক তালিকাতেও নেই।
বার্তা বাজার/এস এইচ
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: bartabazar.com

