Bd বাংলাদেশ

নির্বাচন মেনে না নিলেও তারেক রহমানের সাথে আলোচনায় বসতে চান জয়

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

নির্বাচনকে স্বীকৃতি দিতে রাজি না হলেও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলে তাঁর সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। সাক্ষাৎকারে তিনি বলেন, "আমি এমন একজন মানুষ, যে সবসময় আলোচনায় বিশ্বাস করে। তা যত কঠিনই হোক বা যার সঙ্গেই হোক। এটাই আমার কৌশল। জীবনে সবসময়ই এভাবেই চলেছি।"

ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্তরাষ্ট্রে অবস্থানরত জয়ের সাক্ষাৎকার নেয় ব্রিটিশ সংবাদমাধ্যম আইটিভি। বাংলাদেশ সময় শনিবার ভোরে এটি সম্প্রচার করা হয়। ত্রয়োদশ নির্বাচনের ফলাফল জাতিসংঘসহ বিভিন্ন দেশ স্বাগত জানালেও জয় নির্বাচনকে "প্রহসন" বলে উল্লেখ করেন। তিনি বলেন, দেশের সবচেয়ে বড় দল এবং সব প্রগতিশীল দলকে নির্বাচন থেকে বাইরে রাখা হয়েছে। তাঁর ভাষ্য, এমনভাবে নির্বাচন আয়োজন করা হয়েছে যাতে সবচেয়ে বড় ইসলামপন্থি দল জামায়াতে ইসলামী তাদের জনসমর্থনের তুলনায় বেশি প্রভাব সংসদে পায়।

তিনি প্রশ্ন তোলেন, দেশের দুই প্রধান রাজনৈতিক দলের একটি নিষিদ্ধ থাকলে সেই নির্বাচন কীভাবে গ্রহণযোগ্য হতে পারে। যুক্তরাজ্যে টোরি বা লিবারেল দলের যেকোনো একটি নিষিদ্ধ করা হলে যে পরিস্থিতি তৈরি হতো, এটিকে তিনি তার সঙ্গে তুলনা করেন। তাঁর মতে, একে অবাধ ও সুষ্ঠু বলা যায় না। এদিকে আওয়ামী লীগ সরকারের আমলে জামায়াত নিষিদ্ধ প্রসঙ্গে জয় বলেন, আওয়ামী লীগ সরকার জামায়াতকে নিষিদ্ধ করেনি; আদালতের রায়ের কারণে তারা নির্বাচনে অংশ নিতে পারেনি। তিনি বলেন, জামায়াত গঠনতন্ত্র সংশোধন করলে আবার নির্বাচনে অংশ নিতে পারত।

আওয়ামী লীগ আমলের তিনটি নির্বাচনে কারচুপির অভিযোগের বিষয়ে তিনি বলেন, বিষয়টি পুরোপুরি সঠিক নয়। গত তিনবারের মধ্যে প্রথম ও তৃতীয়বার বিরোধী দল নির্বাচন বর্জন করেছিল। আন্তর্জাতিক পর্যবেক্ষক ও বিদেশি সাংবাদিকরা যদি ত্রয়োদশ সংসদ নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু বলেন, তা মেনে নেবেন কি না, সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে জয় বলেন, "না, মেনে নেওয়া যায় না। দেশে যে অল্পসংখ্যক বিদেশি পর্যবেক্ষক রয়েছেন, তারা সরকারের তত্ত্বাবধানে চলাচল করছেন। সত্যি বলতে আইনশৃঙ্খলা পরিস্থিতিও এতটাই খারাপ যে সেটি নিরাপদ নয়। তাহলে তারা আসলে কতটা পর্যবেক্ষণ করতে পেরেছেন?"

দেশে ফেরার বিষয়ে তিনি বলেন, অবশ্যই ফিরবেন। তিনি উল্লেখ করেন, তারেক রহমান একসময় 'দণ্ডিত' হয়েও এখন সম্ভাব্য প্রধানমন্ত্রী; ফলে রাজনীতিতে এসব পরিস্থিতি স্থায়ী নয়। শেখ হাসিনা দেশে ফিরবেন কি না- এ প্রশ্নে জয় বলেন, কোনো সন্দেহ নেই যে তিনি একদিন ফিরবেন। তবে এই মুহূর্তে শেখ হাসিনার দেশে ফেরা "একেবারেই নিরাপদ হবে" না।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedeltalens.com

Leave a Reply

Back to top button