নির্বাচন–পরবর্তী দুই দিনে দুই শতাধিক সহিংসতার ঘটনা: মারা গেছেন তিনজন, আহত তিনশোরও বেশি

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–পরবর্তী দুই দিনে দেশের ৩০টি জেলায় দুই শতাধিক সহিংসতার ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন তিন শতাধিক ব্যক্তি। রোববার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকেন্দ্রিক সহিংসতা ও নির্বাচন পর্যবেক্ষণ–পরবর্তী পরিস্থিতি তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংস্থাটির নির্বাহী পরিচালক এজাজুল ইসলাম বলেন, নির্বাচন–পরবর্তী দুই দিনে ৩০টি জেলায় সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় মুন্সিগঞ্জ ও বাগেরহাটে দুই যুবক নিহত হয়েছেন এবং ময়মনসিংহে একটি শিশু নিহত হয়েছে। নোয়াখালীতে একটি ধর্ষণের অভিযোগও পাওয়া গেছে। সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, এসব সহিংসতার ঘটনায় বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকেরা জড়িত ছিলেন। এইচআরএসএস জানায়, নির্বাচন–পরবর্তী সহিংসতায় ৩৫০টি ব্যবসাপ্রতিষ্ঠান, অফিস ও ঘরবাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়।
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: thedeltalens.com

