জামায়াত নেতাকে মারধর করে বিএনপির ‘ভোট কেনার’ নাটক

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
পটুয়াখালীর মির্জাগঞ্জে জামায়াতে ইসলামীর এক নেতাকে মারধর করে উল্টো তাঁর বিরুদ্ধে ‘ভোট কেনার’ মিথ্যা নাটক সাজিয়ে পুলিশে সোপর্দ করার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার মাধবখালী ইউনিয়নে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে।
আক্রান্ত নেতার নাম সৈয়দ কামাল হোসেন, যিনি মাধবখালী ইউনিয়ন জামায়াতের আমির এবং আসন্ন নির্বাচনে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ডা. ওহাব মিনারের প্রধান নির্বাচন পরিচালনাকারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। স্থানীয়রা জানান, নির্বাচনী কর্মকাণ্ডে ব্যস্ত থাকা অবস্থায় বিএনপির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর অনুসারীরা পূর্ব শত্রুতার জেরে কামাল হোসেনের ওপর অতর্কিত হামলা চালায়। তাঁকে নির্দয়ভাবে মারধর করার পর, জনমনে বিভ্রান্তি ছড়াতে তাঁর বিরুদ্ধে ‘টাকা বিতরণের’ মিথ্যা অভিযোগ তুলে পুলিশে দেওয়া হয়।
পটুয়াখালী-১ আসনের ১১ দলীয় জোট প্রার্থীর মিডিয়া সেলের প্রধান মো. কামাল হোসেন এই ঘটনাকে সরাসরি ‘সাজানো নাটক’ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, “পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে নাটক সাজিয়ে জামায়াত নেতা কামাল উদ্দিনকে মারধর করে পুলিশে দেওয়া হয়েছে। এটি নির্বাচনী পরিবেশ নষ্ট করার একটি অপচেষ্টা।”
এদিকে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ডা. ওহাব মিনার অভিযোগ করেন যে, মাধবখালী ইউনিয়নের প্রধান নির্বাচন পরিচালনাকারী আমির হোসেন, তাঁর ছেলে এবং সহকারী সৈয়দ কামাল হোসেনকে পরিকল্পিতভাবে আহত করা হয়েছে। তিনি আরও জানান, এই হামলার মূল উদ্দেশ্য হলো ওই ইউনিয়নে জামায়াত ও জোটের এজেন্ট নিয়োগ কার্যক্রম বন্ধ করে দেওয়া। বর্তমানে এই ঘটনার পর থেকে ওই এলাকায় পোলিং এজেন্টদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: bartabazar.com

