যেভাবে মাস্টার্স পর্যন্ত পড়াশোনা ফ্রি করবে জামায়াত

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “জামায়াত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশের প্রতিটি শিশুর শিক্ষার দায়িত্ব রাষ্ট্র নেবে। মাস্টার্স পর্যন্ত শিক্ষার্থীরা সম্পূর্ণ সরকারি খরচে পড়াশোনা করার সুযোগ পাবে।”
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় পিরোজপুর শহরের জেলা স্কুল মাঠে জেলা জামায়াতে ইসলামীর আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। জনসভাটি জনসমুদ্রে রূপ নেয়।
ডা. শফিকুর রহমান বলেন, যারা জনগণের সরকার চায় না এবং দেশকে পরাধীন করে রাখতে চায়, তারা এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনার পর মিথ্যাচার করছে।
তিনি আরও বলেন, “অতীতে ম্যাগা প্রকল্পের নামে ম্যাগা দুর্নীতি হয়েছে। স্বৈরাচার সরকার দেশের প্রায় ২৮ লাখ কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছে। এই টাকার প্রকৃত মালিক জনগণ। আল্লাহ আমাদের সুযোগ দিলে কাউকে আর লুটপাট করতে দেবো না।” একই সঙ্গে তিনি জানান, জনগণের টাকা আত্মসাৎকারী ও দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না।
তরুণ প্রজন্মের উদ্দেশে জামায়াত আমীর বলেন, জুলাই আন্দোলনে ছাত্র-জনতা বেকার ভাতা চায়নি, তারা কাজের অধিকার চেয়েছিল। যুবসমাজকে আশ্বস্ত করে তিনি বলেন, “আমরা যুবসমাজকে কথা দিচ্ছি—ইনশাআল্লাহ সঠিক শিক্ষা ও পর্যাপ্ত প্রশিক্ষণের মাধ্যমে তাদের পেশাগতভাবে দক্ষ করে সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।”
নারীদের মর্যাদা ও নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, “মায়েদের সম্মান অক্ষুণ্ন রাখতে হবে। ঘর থেকে কর্মস্থল—সব জায়গায় নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”
এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ও ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে—এখানে কোনো ভেদাভেদ থাকবে না।
আগামী ১২ তারিখের নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “নতুন বাংলাদেশ নির্মাণের জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি দুর্নীতিমুক্ত, শোষণহীন ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামীকে সমর্থনের আহ্বান জানান।
জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমানসহ ১১ দলীয় ঐক্যজোটের নেতৃবৃন্দ।
সভা শেষে পিরোজপুর-১ ও পিরোজপুর-২ আসনের জামায়াত প্রার্থী মাসুদ সাঈদী ও শামীম সাঈদীর হাতে দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ এবং পিরোজপুর-৩ আসনের এনসিপি প্রার্থী ড. শামীম হামিদীর হাতে ‘শাপলা কলি’ প্রতীক তুলে দেন জামায়াত আমীর।
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: npbnews.com

