নির্বাচনে মেঘনা আলম ও আম জনতার তারেকের জামানত বাজেয়াপ্ত

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
শান্তিপূর্ণভাবে শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। রাত থেকে বেসরকারিভাবে শুরু হয় ফলাফল প্রকাশ। ঢাকা-৮ আসন থেকে গণ অধিকার পরিষদের প্রার্থী হিসেবে ট্রাক প্রতীকে নির্বাচনে অংশ নেন মেঘনা আলম। রিটার্নিং কর্মকর্তার ঘোষিত ফলাফল অনুযায়ী, ট্রাক প্রতীকে সর্বমোট ৬০৮টি ভোট পেয়েছেন তিনি। এ আসন থেকে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। তিনি পেয়েছেন ৫৯ হাজার ৩৬৬ ভোট। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মো. নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা কলি প্রতীকে পেয়েছেন ৫৪ হাজার ১২৭ ভোট।
অন্যদিকে, ঢাকা-১২ আসনে বেসরকারিভাবে প্রাপ্ত ফলে আমজনতা দলের সদস্য সচিব মো. তারেক রহমান প্রজাপতি প্রতীক নিয়ে পেয়েছেন মাত্র ১ হাজার ৪৪ ভোট। প্রাপ্ত ফল অনুযায়ী, এই আসনে মোট বৈধ ভোট পড়েছে ১ লাখ ২২ হাজার ২৬৮টি। যা মোট ভোটের ৩৭ দশমিক ৪২ শতাংশ। এখানে ৫৩ হাজার ৭৭৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী সাইফুল আলম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ‘কোদাল’ প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ৯৬৩ ভোট। এদিকে, এই আসনে মোট বাতিল ভোটের সংখ্যা ২ হাজার ৪৪৪টি। মানে বাতিল হওয়া ভোটের থেকেও কম ভোট পেয়েছেন আমজনতার তারেক।
নির্বাচন কমিশনের (ইসি) পরিপত্রে বলা আছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রার্থী সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ না পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে। প্রয়োজনীয় ভোট না পাওয়ার ফলে বাজেয়াপ্ত হবে তাদের জামানত।
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: bartabazar.com

