গ্যাসের খনি আবিষ্কার করে ঘরে ঘরে গ্যাস পৌঁছে দেব: তারেক রহমান

দেশের ভেতরে নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কার করে সেই গ্যাস প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোডে ঢাকা-৫ আসনের এক নির্বাচনী পথসভায় তিনি অভিযোগ করেন, বিগত সরকার দেশে অনুসন্ধান না চালিয়ে কেবল বিদেশ থেকে গ্যাস আমদানির ওপর নির্ভর ছিল। তারেক রহমান দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, বাংলাদেশে প্রচুর গ্যাসের মজুদ রয়েছে এবং ক্ষমতায় গেলে বিএনপি এই সম্পদ উত্তোলনের ব্যবস্থা করবে।
বিগত এক যুগেরও বেশি সময় ধরে দেশের মানুষ ভোটাধিকার ও মানবিক অধিকার থেকে বঞ্চিত ছিল উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন, দীর্ঘ সময় পর জনগণ আজ প্রাণ খুলে কথা বলার এবং নিজেদের রাজনৈতিক অধিকার প্রয়োগের সুযোগ পেয়েছে। তবে তিনি সতর্ক করে দেন যে, গত ১৬ বছর ধরে যারা জনগণের অধিকার হরণ করেছিল, তাদের দোসররা এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি গণমাধ্যমে প্রকাশিত নকল সিল উদ্ধারের ঘটনার প্রসঙ্গ টেনে নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন।
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: dbcnews.tv

