সাড়ে ১১ লাখ ভোটারের ভোট সম্পন্ন

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
নানা আলোচনা ও জল্পনার পর আজ অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বিগত শেখ হাসিনা সরকারের অধীনে তিনটি প্রশ্নবিদ্ধ জাতীয় নির্বাচনের পর এই নির্বাচন কবে হবে, কিংবা আদৌ হবে কী-না এ নিয়ে নানা প্রশ্নও ছিল।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত জাতীয় সংসদের ভোট অনুষ্ঠিত হবে। একই সঙ্গে জুলাই সনদ বাস্তবায়নে গণভোটেও ভোট দেবেন দেশের প্রায় পৌনে তেরো কোটি ভোটার।
নির্বাচন কমিশনের তথ্য অনুসারে বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশি ভোটারদের জন্য মোট সাত লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পোপার পাঠানো হয়। এর মধ্যে গ্রহণ করেছেন পাঁচ লাখ ৪৩ হাজার ৪৯৯ জন। ভোট দিয়েছেন ৫ লাখ ৩১ হাজার ২১৪ জন। ভোট দেওয়া ব্যালট গতকাল বিকেল সাড়ে ৫টা পর্যন্ত দেশে এসে পৌঁছেছে ৪ লাখ ৯১ হাজার ৬১৫টি।
এর মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা গ্রহণ করেছেন চার লাখ ৬৬ হাজার ২৪৩টি।
প্রবাসী ভোটার ছাড়াও একই সময়ের মধ্যে দেশের অভ্যন্তরে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা ও কারাগারে আটক ব্যক্তিদের মধ্যে মোট ৬ লাখ ২৬ হাজার ১৪৯ জন ভোট দান সম্পন্ন করেছেন। সব মিলিয়ে গতকাল বিকেল পর্যন্ত ১১ লাখ ৫৭ হাজার ৩৬৩ জন ভোটার তাদের ভোট প্রদান সম্পন্ন করেছেন।
এ নির্বাচনে ৫০টি নিবন্ধিত দল অংশ নিলেও মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে বিএনপি ও জামায়াত।
ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের মধ্যেই মূল লড়াই হচ্ছে। এক সঙ্গে দুটি ভোট হওয়ার কারণে আজ সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।
নির্বাচন কমিশন জানিয়েছে, এই সময়ের পরও যেসব ভোটার ভোটকেন্দ্রে থাকবেন, তাদের ভোট নেওয়া হবে। নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব আখতার আহমেদ গতকাল বলেন, ‘ভোটের ফলাফল ঘোষণায় দেরি হওয়ার কোনো কারণ নেই। আমরা আশা করছি, শুক্রবার সকালের মধ্যে ফল ঘোষণা করে ফেলতে পারব।
দেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৯৯টি আসনে ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রে আজ ভোট গ্রহণ করা হবে। এই ২৯৯টি আসনের মোট ভোটার ১২ কোটি ৭২ লাখ ৯৮ হাজার ৪১৬ জন। বাকি একটি আসন শেরপুর-৩-এ একজন প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন বাতিল করা হয়েছে। আসনটির ভোটকেন্দ্র ১২৮টি। ভোটার চার লাখ ১৩ হাজার ৩৭৭ জন। এই আসনের নির্বাচনে নতুন তফসিল ঘোষণা করা হবে।
বার্তা বাজার/এমএমএইচ
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: bartabazar.com

