Bd বাংলাদেশ

ভোটারদেরকে হুমকি অভিযোগে মঞ্জুরুল মুন্সী ও ট্রাক প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে মামলা

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ভোটারদেরকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে বিএনপি থেকে বহিষ্কার হওয়া সাবেক এমপি মঞ্জুরুল আহসান মুন্সী এবং ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে রাইসুল ইসলাম আখন্দ নামের এক ভুক্তভোগী বাদী হয়ে এ মামলা করেন। দেবিদ্বার থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ৯ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে দেবিদ্বার উপজেলার বাকসার বাজারে মঞ্জুরুল আহসান মুন্সী ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করে বক্তব্য দেন। তার এ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে বিএনপির সব পদ থেকে তাকে বহিষ্কার করা হয়।

অভিযোগকারী রাইসুল ইসলাম আখন্দ দাবি করেন, নির্বাচনি প্রচারণা চলাকালে ট্রাক মার্কার পক্ষ নিয়ে মঞ্জুরুল আহসান মুন্সী ও সঙ্গীয়রা সাধারণ ভোটারদেরকে ভয়ভীতি প্রদর্শন এবং ঘর-বাড়ি পুড়িয়ে ছারখার করে দেওয়ার হুমকি দেয়। এতে এলাকায় ভোটারদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তিনি একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে বিষয়টির প্রতিবাদ হিসেবে থানায় মামলা দায়ের করেছেন।

রাইসুল বলেন, ফ্যাসিবাদের আমলে এভাবে হুমকি-ধমকি দিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। পরিবর্তনের বাংলাদেশে মঞ্জুরুল আহসান মুন্সী ফ্যাসিবাদী কায়দায় মানুষকে ভয়-ভীতি এবং হুমকি-ধমকি দিচ্ছে। তাকে আইনের আওতায় না আনা হলে সাধারণ মানুষের ভোটাধিকার ক্ষুণ্ন হতে পারে।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, ট্রাক মার্কার নির্বাচনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষ নিয়ে মঞ্জুরুল আহসান মুন্সীসহ কয়েকজন ব্যক্তি সাধারণ ভোটারদের উদ্দেশ্যে হুমকিমূলক বক্তব্য দেন। সেখানে বলা হয়, ট্রাক মার্কায় ভোট না দিলে ভোটারদের দেখে নেওয়া হবে এবং নির্বাচন পরবর্তী সময়ে ফল ভোগ করতে হবে। এমন বক্তব্যের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী আরও জানান, এ ধরনের বক্তব্যে এলাকায় সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক ও উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। এতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনি পরিবেশ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

দেবিদ্বার থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, মঞ্জুরুল আহসান মুন্সী এবং ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিনের বিরুদ্ধে একটা এজহার পেয়েছি। আমরা বিষয়টি তদন্ত করছি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

বার্তা বাজার/এস এইচ

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: bartabazar.com

Leave a Reply

Back to top button