ঠাকুরগাঁও জামায়াত আমিরকে টাকা বহনে অনাপত্তি দিয়েছিল কাস্টমস

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিনকে টাকা বহনের ব্যাপারে ঢাকার কাস্টমস কর্তৃপক্ষ অনাপত্তি দিয়েছিল। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগীব সামাদ বলেন, বিষয়টি বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষকে অবগত করলে তারা এতে অনাপত্তি জানায়। এছাড়া অভ্যন্তরীণ রুটে অর্থ পরিবহনে কোনো সীমাবদ্ধতা নেই।
এর আগে বুধবার দুপুর ১২টার দিকে সৈয়দপুর বিমানবন্দরে বিপুল টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিনকে আটক করা হয়।
নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, ঢাকা থেকে আসা নভোএয়ারের একটি ফ্লাইটে বেলাল উদ্দিন সৈয়দপুরে অবতরণ করেন। এ সময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে বিপুল টাকা উদ্ধার করা হয়।
আটকের পর সাংবাদিকদের হাতে আসা একটি ভিডিওতে বেলাল উদ্দিনকে বলতে শোনা যায়, টাকার পরিমাণ প্রায় ৬০ লাখ। এটি তার ব্যবসার টাকা।
বেলাল উদ্দিন সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসার শিক্ষক। তিনি ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম দবিরুল ইসলাম। বেলাল উদ্দিন বর্তমানে বিমানবন্দরের ভেতরে যৌথ বাহিনীর হেফাজতে রয়েছেন।
এদিকে টাকাসহ আটকের পর জিজ্ঞাসাবাদের সময় জামায়াত নেতা অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। তিনি বর্তমানে চিকিৎসাধীন।
বিকেলে এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এটি আইনশৃঙ্খলা বাহিনীর একটি অংশের সাজানো নাটক।
সংবাদ সম্মেলনের শেষে তিনি জানান, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ তাদের জানিয়েছেন, জামায়াত নেতাকে টাকা বহনের এনওসি দেওয়া হয়েছিল। অভ্যন্তরীণ রুটে অর্থ পরিবহনে কোনো সীমাবদ্ধতা নেই বলেও তিনি তাদের জানিয়েছেন।
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: dailyamardesh.com

