Bd বাংলাদেশ

ভোটারদের হুমকি: ‘আমরা প্রেসারে আছি, আপনি একটু কথা সংযত হয়ে বলুন’ মুন্সিকে পরামর্শ আদালতের

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ঋণখেলাপি হওয়ায় প্রার্থিতা হারানো মঞ্জুরুল আহসান মুন্সীকে তলব করে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির বিচারক সংযত হয়ে কথা বলার পরামর্শ দিয়েছেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কুমিল্লা- ৪ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারক কমিটি (সদর সিভিল কোর্ট’র জজ) প্রথম শ্রেণীর জ্যেষ্ঠ বিচারক তাফরিমা তাবাসুম ওই আদেশ দেন।

বিচারক তাফরিমা তাবাসুম মঞ্জুরুল আহসান মুন্সীকে বলেন, আপনি বয়স্ক লোক, আপনার বিরুদ্ধে ফোনে অনেক অভিযোগ পাচ্ছি, আমরা প্রেসারে আছি। আপনি একটু কথা সংযত হয়ে বলুন।

এ সময় মঞ্জুরুল আহসান মুন্সী তার লিখিত বক্তব্য প্রদানসহ নির্বাচনী সভায় বক্তব্যব্যের ব্যাখ্যা দিয়েছেন।

এ সময় মঞ্জুরুল আহসান মূন্সীর পক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন, ব্যারিস্টার এবিএম হামিদুল মেজবাহ, কুমিল্লার বারের সাধারন সম্পাদক খন্দকার মিজানুর রহমান, এডভোকেট আব্দুল আউয়াল ভূঁইয়া, এডভোকেট আমানুর রহমান খান তারিক।

গতকাল (১০ ফেব্রুয়ারি) মঙ্গলবার রাতে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগে বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার মধ্যে লিখিত বক্তব্যসহ সশরীরে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে কুমিল্লা-৪ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির পক্ষ থেকে তাঁকে বলা হয়েছিল ।

মঞ্জুরুল আহসান মুন্সীর বিরুদ্ধে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ এনে বিষয়টি কমিটির কাছে লিখিতভাবে জানান দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রাকিবুল ইসলাম।

এদিকে বুধবার (১১ ফেব্রুয়ারি) সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, দল আমাকে বহিস্কারের সিদ্ধান্ত নিয়েছে। মনে প্রানে ধারন করা আমার দল বিএনপিকে আমৃত্যু ধারন করে চলব। আমি বিএনপি থেকে নমিনেশন পাওয়া স্বত্ত্বেও একটি মহল আমাকে নির্বাচন থেকে দূরে রেখেছে।

প্রিয় দেবীদ্বারবাসী এ আসনে বিএনপির প্রার্থী না থাকায় বিএনপি গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থীকে সমর্থন দিয়েছি। আগামী নির্বাচনে ট্রাক প্রথীকে ভোট দিয়ে এ আসনের বিজয় সুনিশ্চিত করে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করার আহবান জানান।

গতকাল তার বক্তব্যে তিনি আরো বলেছিলেন, ‘যদি ক্ষমতায় বিএনপি থাকে, আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়ব না। প্রয়োজনে ঘরবাড়ি পোড়াইয়া সব ছারখার করে দেব। ‘মঞ্জুরুল আহসান মুন্সীর এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় গতকাল রাতে বিএনপির সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁকে দল থেকে বহিষ্কারের কথা জানানো হয়।

প্রসঙ্গত, মঞ্জুরুল আহসান মুন্সী কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী ছিলেন। ঋণখেলাপি অভিযোগে তাঁর প্রার্থিতার বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। আদালতের আদেশে তাঁর প্রার্থিতা বাতিল হয়।

মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল হওয়ার পর কুমিল্লা-৪ আসনটিতে গণ অধিকার পরিষদের প্রার্থী মো. আ. জসিম উদ্দিনকে সমর্থন জানিয়েছে বিএনপি। প্রচারণার শেষ দিন সোমবার মধ্যরাতে দেবীদ্বার উপজেলার বাকসার গ্রামে জসিম উদ্দিনের ট্রাক প্রতীকের সমর্থনে আয়োজিত একটি উঠান বৈঠকে ওই বিতর্কিত মন্তব্য করেন মঞ্জুরুল আহসান মুন্সী। তাঁর এমন বক্তব্য নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

এ আসনে ১১-দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। ৪ ফেব্রুয়ারি গণ অধিকার পরিষদের প্রার্থী মো. আ. জসিম উদ্দিনকে সমর্থন জানিয়েছে বিএনপি। এর পর থেকে তাঁকে নিয়ে মাঠে আছেন মঞ্জুরুল মুন্সী।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: npbnews.com

Leave a Reply

Back to top button