গাইবান্ধায় জাতীয় পার্টির পাঁচ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
গাইবান্ধার সাঘাটা উপজেলার জাতীয় পার্টির শীর্ষ নেতা ও গাইবান্ধা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান সরকার (আতা) বিএনপিতে যোগদান করেছেন। তার সঙ্গে জাতীয় পার্টির আরও পাঁচ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। গত ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত সাড়ে নয়টায় সাঘাটার ডাকবাংলা বাজার সংলগ্ন স্থানে একটি সভায় আনুষ্ঠানিকভাবে তারা বিএনপির রাজনীতিতে শরিক হন।
জানা গেছে, দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির (জাপা) শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত গাইবান্ধা-৫ আসনের সাঘাটা। সেখানে নির্বাচনী প্রচারের চূড়ান্ত মুহূর্তে এই পালাবদলের ঘটনা আলোচনার জন্ম দিয়েছে।
আতাউর রহমান সরকার জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান এবং সাঘাটা উপজেলা জাপার সভাপতির দায়িত্ব পালন করছিলেন। তার সঙ্গে সাঘাটা উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মমিতুল হক নয়নও বিএনপিতে যোগদান করেছেন। রাজনৈতিক মহল মনে করছেন, আতাউর রহমানের মতো একজন বড় মাপের নেতার এই দলত্যাগ সাঘাটায় জাতীয় পার্টির জন্য বিপর্যয় বয়ে আনতে পারে।
যোগদান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী ফারুক আলম সরকার। তিনি নবাগতদের ফুলের তোড়া দিয়ে দলে বরণ করে নেন।
সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব ও ৬ নং ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহমেদ তুলির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল নবি টিটুল, জেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক আসাদুল কবির রাঙ্গাসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: thedhakadiary.com

