Bd বাংলাদেশ

জামায়াতের প্রচারণার কাজে যুক্ত ভ্যানচালকের চোখে হাতুড়ি দিয়ে আঘাত বিএনপি নেতার

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার মজুরদিয়া অঞ্চলে জামায়াতে ইসলামীর প্রচারণা কাজে যুক্ত থাকায় এক ভ্যানচালককে হাতুড়ি দিয়ে আঘাতের অভিযোগ উঠেছে দুই ভাইয়ের বিরুদ্ধে। অভিযুক্ত মো. আনোয়ার ও মো. মনোয়ার। তারা বিএনপি মনোনীত ফরিদপুর-১ আসনের এমপি প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের অনুসারী।

আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর একটার দিকে উপজেলার মজুরদিয়া বাজারে ভ্যানচালককে আটকিয়ে চোখে আঘাত করা হয়।

অভিযুক্তদের গ্রামের বাড়ি বেড়াদিয়া, তারা সম্পর্কে আপন দুই ভাই। তাদের পিতার নাম মৃত রাজ্জাক শেখ। আহত ভ্যানচালক হলেন মো. জাহিদ। তিনি ইসলামপুর গ্রামের বাচ্চু শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জামায়াতে ইসলামী মনোনীত ফরিদপুর-১ আসনের এমপি প্রার্থীর প্রচারণা করছিল মো. জাহিদ নামে একজন ভ্যানচালক। মজুরদিয়া বাজারে আনোয়ার-মনোয়ারের দোকানের সামনে ওই ভ্যানচালক আসলে দোকান থেকে হাতুড়ি বের করে চোখে হামলা করে অভিযুক্ত দুই ভাই।

স্থানীয় বাসিন্দা ইমন শেখ বলেন, ‘ছোট একটা ছেলে। ভ্যান চালিয়ে খায়। সে তো আর জামায়াতের রাজনীতি করে না। যার কাছে টাকা পায়, তার প্রচারণা করে। জামায়াতের প্রচারকাজে নিয়োজিত থাকায় তার চোখের ওপর হাতুড়ি দিয়ে মারে।’

বাজারের দোকানের কর্মচারী তারিকুল ইসলাম বলেন, ‘দুই ভাই মিলে হাতুড়ি দিয়ে পিটিয়েছে জাহিদকে। একজন (মনোয়ার) মেরে পালিয়েছে।’

ভুক্তভোগী ভ্যানচালক মো. জাহিদ বলেন, ‘আমি তাদের কিছুই করিনি। তুই দাঁড়িপাল্লার মাইক কেন বাজালি বলেই আমাকে হাতুড়ি দিয়ে মারতে শুরু করে। আমি নিজেকে বাঁচানোর চেষ্টা করলে তারা দুই ভাই মিলে আমাকে মারতে থাকে।’

উপজেলার সাতৈর ইউনিয়নের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু বলেন, ‘একজন ভ্যানচালককে হামলার কথা জানতে পেরে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। এখানে পুলিশ ও সেনাবাহিনী রয়েছেন। তাদের সঙ্গে নিয়ে সমাধান করা হবে।’

 

বার্তা বাজার/এমএমএইচ

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: bartabazar.com

Leave a Reply

Back to top button