Bd বাংলাদেশ

ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে ৩ শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

উখিয়া-টেকনাফ নিয়ে গঠিত কক্সবাজার-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুর আহমদ আনোয়ারী’কে সমর্থন জানিয়ে জামায়াতে যোগদান করেছেন উখিয়ার পালংখালীর ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের প্রায় ৩ শতাধিক বিএনপি নেতাকর্মী।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৫ টার দিকে উপজেলার থাইংখালীতে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনি পথসভায় যোগদানকৃতদের ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়। যোগদানকৃতরা বিএনপি নেতা ও পালংখালী ইউপি চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।

সভা শেষে দাঁড়িপাল্লার প্রার্থী ও জেলা জামায়াতের আমির আনোয়ারীকে সাথে থাইংখালী স্টেশনে মিছিল করেন গফুর উদ্দিন চৌধুরী।

মিছিল পরবর্তী বক্তব্যে তিনি বলেন, ‘ আমি নিজেই বিএনপি, কিন্তু চাঁদাবাজির প্রতিবাদ করায় আমাকে মামলা-হামলার শিকার হতে হয়েছে। ২৩ দিন কারাবরণ করেছি, এই অন্যায় জুলুমের প্রতিবাদ জানিয়ে চাঁদাবাজির বিরুদ্ধে গিয়ে ন্যায়-ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় সর্মথন দিলাম। আগামী ১২ তারিখ আপনারা সবাই দাঁড়িপাল্লায় ভোট দিবেন।’

জামায়াত প্রার্থী নুর আহমদ আনোয়ারী বলেন, ‘ গফুর উদ্দিন চৌধুরী ও থাইংখালীর যোগদানকৃত বিএনপি নেতাকর্মীদের আজকের এই অবস্থান চাঁদাবাজদের বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ। উখিয়া-টেকনাফের গণজোয়ার বলে দিচ্ছে দাঁড়িপাল্লার বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ।

যোগদান করা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হামিদুল হক ভুলু বলেন, ‘ আমি কাউন্সিলে ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলাম দলের জন্য অনেক করেছি, কিন্তু সততার কোন মূল্য নেই। চাঁদাবাজির তকমা লাগা দলে আর থাকতে চাই না।’

প্রসঙ্গত, এই আসনে নুর আহমদ আনোয়ারীর প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী বিএনপির জেলা সভাপতি এবং সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: banglamagazinenews.com

Leave a Reply

Back to top button