জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের নেতৃত্বে বাংলাদেশ

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
২০২৬ সালের জন্য জাতিসংঘের শান্তি বিনির্মাণ কমিশনের (পিসবিল্ডিং কমিশন-পিবিসি) সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে পিবিসির পাঁচ সদস্যবিশিষ্ট ব্যুরো নির্বাচন অনুষ্ঠিত হয়।
পিবিসির ২০তম অধিবেশনের প্রথম সভায় পাঁচ সদস্যের ব্যুরো গঠন করা হয়। এতে মরক্কোকে সভাপতি এবং বাংলাদেশসহ জার্মানি, ব্রাজিল ও ক্রোয়েশিয়াকে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়।
শান্তি বিনির্মাণ কমিশন একটি আন্তঃসরকারি উপদেষ্টা সংস্থা, যা সংঘাত–পরবর্তী দেশগুলোতে শান্তি প্রতিষ্ঠা, স্থিতিশীলতা বজায় রাখা এবং পুনর্গঠন কার্যক্রমে জাতিসংঘকে সহায়তা করে। সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এবং জাতিসংঘের শীর্ষ সৈন্য ও অর্থদানকারী দেশগুলোর প্রতিনিধিসহ মোট ৩১টি সদস্য রাষ্ট্র নিয়ে এই কমিশন গঠিত।
২০০৫ সালে কমিশন প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশ এর সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছে। এর আগে ২০১২ ও ২০২২ সালে বাংলাদেশ পিবিসির সভাপতি এবং ২০১৩ ও ২০২৩ সালে সহ-সভাপতির দায়িত্বে ছিল।
পিবিসির ২০তম অধিবেশনের প্রথম সভায় আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে সহ-সভাপতির দায়িত্ব গ্রহণ করে। অনুষ্ঠানে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পক্ষে এবং মহাসচিবের চিফ অব স্টাফ উপস্থিত থেকে পিসবিল্ডিং কমিশনের ভূমিকা ও গুরুত্ব তুলে ধরেন।
এ উপলক্ষে এক বিবৃতিতে বাংলাদেশের প্রতিনিধিদল এই দায়িত্বে নির্বাচিত করায় কমিশনের সদস্য রাষ্ট্রগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। একই সঙ্গে জাতিসংঘের শান্তি বিনির্মাণ কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: thedhakadiary.com

