Bd বাংলাদেশ

৮ কেন্দ্রের ফলাফলে এগিয়ে সারজিস আলম

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনের ১৫৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৮টি কেন্দ্রের প্রাথমিক ফলাফলে ৮ হাজার ৮৪৭ ভোটে এগিয়ে আছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী সারজিস আলম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী নওশাদ জমির ৭ হাজার ৮৩১ ভোট পেয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ৮টি আসনে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এমন চিত্র দেখা যায়।

পঞ্চগড়-১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৮ হাজার ৮০৭ জন এবং ভোটকেন্দ্র ১৫৫টি। অন্যদিকে পঞ্চগড়-২ আসনে মোট ভোটার ৪ লাখ ১৪ হাজার ৩৫৬ জন এবং ১৩১টি ভোটকেন্দ্র রয়েছে।

এদিকে সারা দেশে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।

দুটি জেলায় ককটেল বিস্ফোরণসহ বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া সার্বিকভাবে ভোট ছিল শান্তিপূর্ণ। নির্বাচন চলাকালে পৃথক ঘটনায় অসুস্থ হয়ে চার ব্যক্তির মৃত্যুর তথ্য পাওয়া গেছে। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর দিক থেকে কিছু অভিযোগ এসেছে।

দুপুর ২টা পর্যন্ত ৩৬ হাজার ৩১ কেন্দ্রে ৪৭ দশমিক ৯১ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

সচিব বলেন, দুপুর ২টা পর্যন্ত মোট ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রের মধ্যে ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে ভোট কাস্টিং হয়েছে ৪৭ দশমিক ৯১ শতাংশ।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedailycampus.com

Leave a Reply

Back to top button