ভোটকেন্দ্রে ঢুকে ভোট চাওয়ায় বিএনপি নেতা আটক

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের হোগলবাড়িয়া ইউনিয়নের গাছের দিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে এক বিএনপি নেতাকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (আজ) সকাল সাড়ে ৯টার দিকে হোগলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ হোসেনকে ভোটকেন্দ্রের ভেতর থেকে আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, আমজাদ হোসেন ভোটকেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ করে ভোটারদের কাছে সরাসরি ভোট প্রার্থনা করছিলেন, যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে আটক করেন।
কেন্দ্রটির দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেম মো. নাসিম বলেন, “নির্বাচনী আইন অমান্য করে কেন্দ্রের ভেতরে প্রচারণা চালানোর অভিযোগে আমজাদ হোসেনকে আটক করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করা হয়েছে।”
উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও অনিন্দ্য গুহ জানান, অভিযুক্তকে বর্তমানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের হেফাজতে রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরও বলেন, ভোটকেন্দ্রের পরিস্থিতি বর্তমানে শান্ত ও স্বাভাবিক রয়েছে এবং ভোটগ্রহণ নির্বিঘ্নে চলছে।
বার্তা বাজার/এস এইচ
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: bartabazar.com

