Bd বাংলাদেশ

দাঁড়িপাল্লায় প্রচারণায় অংশ নেওয়ায় মসজিদ থেকে বীর মুক্তিযোদ্ধাকে বের করে কোপাল বিএনপি নেতাকর্মীরা

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

পাবনায় বীর মুক্তিযোদ্ধা ও জামায়াতে ইসলামীর এক নেতাকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। আহত অবস্থায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চর শিবরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত রমজান আলী হেমায়েতপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনী প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধা রমজান আলীকে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা কয়েক দিন ধরে হুমকি দিয়ে আসছিলেন। হুমকি উপেক্ষা করে তিনি প্রচার-প্রচারণা চালিয়ে যান। এতে ক্ষুব্ধ হয়ে বিএনপির কর্মী রায়হানের নেতৃত্বে শনিবার রাতে মসজিদ থেকে তাঁকে বের করে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাঁকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর জামায়াতে ইসলামী তাৎক্ষণিকভাবে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি হাসপাতাল থেকে শুরু হয়ে থানার সামনে দিয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ইন্দ্রেরা মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় পাবনা-৫ আসনের জামায়াতের প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসাইন বলেন, "মুক্তিযোদ্ধা রমজান আলীকে মসজিদ থেকে টেনেহিঁচড়ে বের করে এনে পেটানো ও কোপানো হয়েছে। বাবুল বিশ্বাস ও রানা বিশ্বাসের হুকুমে সন্ত্রাসী মাদক ব্যবসায়ী রায়হানের নেতৃত্বে হামলা হয়েছে। যদি দ্রুত সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।"

পাবনা-৫ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির প্রধান আশরাফুল ইসলাম বলেন, "এই ঘটনায় আমার তেমন কিছু করার নেই, আমার এখতিয়ারের বাইরে। এ বিষয়ে থানায় এজাহার দায়ের করতে হবে, থানা ব্যবস্থা নেবে। আমি শুধু তদন্ত করে (ইসিতে) পাঠাতে পারি, কমিশন ব্যবস্থা নেবে।" এদিকে পাবনা জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার বলেন, "রায়হান আমাদের বিএনপির কেউ না। কারা কী কারণে এই কাজ করেছে, তা আমাদের জানা নেই। কোনো অনুপ্রবেশকারী হতে পারে। তবে তারা নির্বাচনের আগমুহূর্তে এসে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার ষড়যন্ত্র করছে বলে মনে করছি। আজ সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাব।"

এ প্রসঙ্গে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বলেন, "অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব।"

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedeltalens.com

Leave a Reply

Back to top button