“হারলেও ফুল নিয়ে যাবো”—কথা রাখলেন জামায়াত প্রার্থী শিশির মনির

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
সুনামগঞ্জ-২ আসনে (দিরাই-শাল্লা) নির্বাচনে হেরে গিয়েও বিজয়ী প্রার্থীকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন জামায়াতের প্রার্থী আইনজীবী শিশির মনির।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে দিরাইয়ের বিজয়ী প্রার্থী নাছির উদ্দিন চৌধুরীর দাউদপুরের বাসায় গিয়ে শুভেচ্ছা জানান শিশির। জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী নাছির উদ্দিন চৌধুরীর সঙ্গে নির্বাচনি মাঠে মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াত প্রার্থী শিশির মনির। নির্বাচনি এক সভায় শিশির মনির আগেই বলেছিলেন তিনি হেরে গেলেও বিজয়ী প্রার্থীর বাসায় ফুল নিয়ে যাবেন।
শিশির মনির বলেন, আমরা দুর্গম এই অঞ্চলের উন্নয়ন করবো বলেই নির্বাচনে অংশ নিয়েছিলাম। আর আমি নির্বাচনকালীন বক্তব্যে বলেছিলাম হেরে গেলেও বিজয়ী প্রার্থীর বাসায় ফুল নিয়ে যাবো। আমি সেটাই করেছি। এই দুর্গম অঞ্চলের উন্নয়নের জন্য আমরা সব সময় ঐক্যবদ্ধ থাকবো।
শিশির মনির বিজয়ী প্রার্থীর বাসায় ফুল নিয়ে গেলে তারা একে অপরকে মিষ্টিমুখ করান।
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: bartabazar.com

