শেরপুরে ধানের শীষের সিল মারা শতাধিক ব্যালট উদ্ধার, আটক ২

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
শেরপুর-১ (সদর) আসনের একটি ভোটকেন্দ্রে ধানের শীষ প্রতীকে সিল মারা শতাধিক ব্যালট উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের দক্ষিণ নলবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, বিএনপির দুই সমর্থক কৌশলে ধানের শীষ প্রতীকে শতাধিক ব্যালট সংগ্রহ করে সিল মারেন।
বিষয়টি প্রিজাইডিং কর্মকর্তার নজরে এলে সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়। পরে কেন্দ্র থেকে সিল মারা ব্যালটগুলো উদ্ধার করা হয়। একইসাথে দুইজনকে আটক করা হয়েছে।
উদ্ধার হওয়া ব্যালটগুলো বাতিল করা হবে। ঘটনার পর কেন্দ্রটিতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। বর্তমানে সেখানে ভোটগ্রহণ কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
এ ব্যাপারে সহকারী রিটানিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক বলেন, সিল মারা ব্যালট পেপার বাক্সে ফেলানোর আগেই তা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। তবে, বর্তমানে সেখানে ভোটগ্রহণ কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: npbnews.com

