Bd বাংলাদেশ

হান্নান মাসউদের সমর্থকদের বাড়িঘরে হামলা করল বিএনপি

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসুদের সমর্থকদের বাড়িঘরে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে এই হামলার ঘটনা ঘটে।

হান্নান মাসউদ অভিযোগ করে বলেন, বিএনপির নেতাকর্মীরা ‘ধানের শীষ’ প্রতীকের স্লোগান দিয়ে সংঘবদ্ধভাবে সন্ত্রাসী কায়দায় এই হামলা চালায়। হামলাকারীরা একাধিক বাড়িতে ভাঙচুর চালায় এবং ভয়ভীতি প্রদর্শন করে।

এ ঘটনায় হান্নান মাসউদের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

হান্নান মাসউদ বলেন, রাতে বুড়িরচর, চর ঈশ্বর ও সোনাদিয়া ইউনিয়নের আমাদের নেতাকর্মীদের বাড়িতে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ধানের শীষের স্লোগান দিয়ে হামলা চালায়, লুটপাট করে এবং বিভিন্ন জায়গায় গোলাগুলি করে। মূলত আমাদের সমর্থকদের দমন করার উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে। আমি জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তাকে বারবার ফোন দিলেও তিনি রিসিভ করছেন না।

তবে এ বিষয়ে বিএনপির স্থানীয় নেতাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে হামলার ঘটনার বিষয়ে জানতে চাইলে হাতিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, ‘হাতিয়ার সব জায়গায় নৌবাহিনী সদস্যরা টহল দিচ্ছে। বিষয়টি নৌবাহিনী এবং পুলিশকে জানানো হয়েছে।’

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: npbnews.com

Leave a Reply

Back to top button