জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের প্রার্থী

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ারুল ইসলামকে সমর্থন দিয়ে নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন গণঅধিকার পরিষদের প্রার্থী বিন ইয়ামিন মোল্লা।
রোববার (৮ ফেব্রুয়ারি) কুড়িগ্রামের নাগেশ্বরী ডিএম একাডেমি ফুটবল মাঠে আয়োজিত জামায়াতের জনসভায় আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন তিনি।
জনসভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতের কুড়িগ্রাম জেলা শাখার আমির আজিজুর রহমান সরকার। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ওই আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আনোয়ারুল ইসলাম।
এ সময় মঞ্চে উপস্থিত হয়ে বক্তব্য দেন গণঅধিকার পরিষদের প্রার্থী বিন ইয়ামিন মোল্লা। তিনি জামায়াত প্রার্থীকে সমর্থনের ঘোষণা দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানান।
বক্তারা দেশ পরিচালনার ভবিষ্যৎ রূপরেখা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্বারোপ করেন। তারা ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ভোটারদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
আয়োজকদের দাবি, এ জনসভা জনগণের ব্যাপক সাড়া ও আগ্রহের প্রতিফলন। নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই কুড়িগ্রামের রাজনৈতিক অঙ্গন সরগরম হয়ে উঠছে।
কুড়িগ্রামের চারটি সংসদীয় আসনে মোট ২৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে কুড়িগ্রাম-১ আসনে আছেন ছয়জন।
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: jugantor.com

