Bd বাংলাদেশ

যশোরে জামায়াত প্রার্থীর নারী কর্মীদের ওপর হামলা 

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যশোরে নির্বাচনী মাঠে সহিংসতা ও হুমকির অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

নির্বাচনের পরিস্থিতি নিয়ে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলেন জামায়াতেরযশোর-৩ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ভিপি আব্দুল কাদের।

তিনি বলেন, যশোর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নে তাদের নারী কর্মীদের ওপর শারীরিক হামলা, অশ্লীল ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকির ঘটনা ঘটছে।

তিনি জানান, এসব ঘটনার বিষয়ে প্রশাসনের কাছে বারবার লিখিত অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। ফলে নির্বাচনে সমান সুযোগ বা “লেভেল প্লেয়িং ফিল্ড” নিশ্চিত করার সরকারি প্রতিশ্রুতির বাস্তবায়ন হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

ভিপি আব্দুল কাদের আরও বলেন, “সমস্ত মহল্লায় জামায়াতের কর্মীদের ওপর হামলা চলছে। এইভাবে হামলা চলতে থাকলে নির্বাচনের মাঠে তারা কীভাবে কাজ করবে, সেটাই বড় প্রশ্ন।” তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশনেও লিখিত অভিযোগ দেওয়া হয়েছে, কিন্তু এখনো কোনো প্রতিকার পাওয়া যায়নি।

তিনি প্রশাসনের কাছে দ্রুত শক্ত ও কার্যকর ভূমিকা গ্রহণের আহ্বান জানান এবং ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে নিজেদের পছন্দের প্রতীকে ভোট দিতে পারেন, সে জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: npbnews.com

Leave a Reply

Back to top button